দুপুর গড়ানো প্রহরে
শহরের রাস্তায় ক্লান্ত শরীরে হাঁটছি-
নিঃশব্দ সরীসৃপের মতোন।
সভ্যতার ভিড়ে ঢাকা পড়ে আছে
অনেক পুরনো অভ্যাস।
হারিকেনের সলতের আলোয় আলোকিত –
যে পুঞ্জীভূত স্বপ্নটুকু ছিল
তা চিরকালই অনাহারী রয়ে গেল।
কতদিন দেখিনি…
কচি ঘাসের ডগায় রঙিন প্রজাপতির লুটোপুটি।
ঝিঁঝি পোকাদের সম্মোহনী শব্দ –
এখন আর কান অব্দি পৌঁছায় না।
অনেকদিন দেখা হয় না
চিঠির ভাঁজে হৃদয় কাঁপানো শব্দের খেলা।
এই বদলে যাওয়া সময়টায়-
মানুষগুলো ভীষণ আত্মকেন্দ্রিক।
এই শহরের দ্বিধান্বিত সকাল,
কংক্রিটে ঠাসা— রোদে পোড়া দুপুর আর
মন বাজারের জটিল সমীকরণ…
এসব মেলাতে গিয়ে দেখি- ভেতরে সবটাই কৃত্রিমতা,
উপরে শুধুই আবরণ।
কলমেঃ আজমা সুরাইয়া শিল্পী
সংগীত শিল্পী (বিটিভি ও বাংলাদেশ বেতার)
আত্তাবনগর-ঢাকা।